ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গোপালগঞ্জে রচনা ও হামদ-নাত প্রতিযোগিতা
গোপালগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোপালগঞ্জে শিশুদের অংশগ্রহণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক রচনা লেখা, হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) গোপালগঞ্জ শিশু একাডেমি কার্যালয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা দুইটি বিভাগে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শিশু একাডেমির হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স।
এছাড়া অনুষ্ঠানে গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার এবং গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারহান কবীর সিফাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিশুদের জানানো এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ সৃষ্টি করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শিশুদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানোও এ ধরনের আয়োজনের গুরুত্বপূর্ণ দিক।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে রচনা লেখা এবং হামদ-নাত পরিবেশন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।




